জাতিসংঘের সভাপতির দায়িত্বকালে রোহিঙ্গা সংকট সমাধানের প্রত্যাশা ইসলামী আন্দোলনের
- আপডেট সময় : ১১:৩৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৯
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণকে দেশের জন্য একটি বড় সুখবর হিসেবে বর্ণনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। বুধবার আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সভায় তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে রোহিঙ্গা সমস্যার মতো জাতীয় সংকট সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা ইস্যুর পূর্ণাঙ্গ সমাধান হবে—এটিই এখন জনগণের প্রত্যাশা।
শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, ১৯৭৮ সাল থেকে কয়েক দফায় প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা এখন জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজার ছাড়িয়ে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তারা ভূমিকা রাখছে। যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, তাই তাকেই সামনে থেকে এই সংকট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কেএম শরীয়াতুল্লাহ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বর্তমান সরকারের গত ছয় মাসের কার্যক্রমে জনগণ আশাহত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা দিতে না পারলে সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
উক্ত সভায় কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, মুফতী মাওলানা ওমর ফারুক, প্রভাষক শফিকুল ইসলাম, মাওলানা গাজী নাজিমুদ্দীন, আলহাজ আব্দুর রহমান, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক আকন, মুহাম্মাদ বিলাল হোসাইন পাটোয়ারী, গাজী মুহাম্মাদ আলী হায়দার, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা মুহাম্মাদ আবু বকর, মুহাম্মাদ আবু হানিফ, আলহাজ্ব শিব্বির আহমাদ সাব্বির, আলহাজ্ব ইসমাইল হোসেন, মুফতী মাসউদুর রহমান চাঁদপুরী এবং মুহাম্মাদ সাইফুর রহমান।





























