শার্শা সীমান্তে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৯:৩০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

যশোরের শার্শা সীমান্তে যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ নূর মোহাম্মদ শেখের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত এবং স্থানীয়দের মাঝে তবারক বিতরণ করা হয়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ এবং সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন। এছাড়া বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অসামান্য অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ ও চিরস্মরণীয় করে রাখতেই প্রতিবছরের মতো এবারও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৫৯ সালের ১৪ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, যা বর্তমানে বিজিবি) যোগদান করেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে অংশ নেন। ওই বছরের ৫ সেপ্টেম্বর শত্রুপক্ষের মর্টারের গোলার আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে বীরত্বের সাথে শহীদ হন এই বীর যোদ্ধা। পরে যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তে তাকে সমাহিত করা হয়।



























