বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাত করে মো. টুটুল (২৮) নামের এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি নয়নকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মিরপুর থানার দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১, সিপিসি-১ এবং র্যাব-২ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ জুন সন্ধ্যার দিকে বন্দর থানার আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে অস্ত্রের মুখে টুটুলকে জিম্মি করে নয়নসহ কয়েকজন ছিনতাইকারী। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা টুটুলের বুকের মাঝখানে ছুরি দিয়ে সজোরে আঘাত করে। এরপর তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন টুটুলকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটের দিকে টুটুল শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গ্রেপ্তার হওয়া নয়ন নারায়ণগঞ্জের আলীনগর এলাকার খোকা মিয়ার ছেলে। র্যাব জানিয়েছে, নয়নের বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও ডাকাতিসহ আরও চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।




























