মামলা তুলে না নেয়ায় নারায়ণগঞ্জে গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ১০:০০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মামলা তুলে না নেওয়ার জেরে জাহিদ হাসান বুলবুল (৪৫) নামের এক রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সালেহনগর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং তিনি ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত চব্বিশের আন্দোলনের সময় সালেহনগর এলাকায় বুলবুলের গ্যারেজে লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় বুলবুল বন্দর থানায় সিফাতকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি তুলে নেওয়ার জন্য অভিযুক্ত সিফাত ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বুলবুলকে চাপ দিয়ে আসছিল।
ঘটনার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে সিফাত ও তার সঙ্গীরা পুনরায় মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





























