কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আজ রোববার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে দেশব্যাপী এই সম্মানি ভাতা কার্যক্রমের সূচনা ঘটবে।
উদ্বোধনী ধাপে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪৪৪ জন ধর্মীয় প্রতিনিধিকে এই সম্মানীর আওতায় আনা হচ্ছে। এর মধ্যে বিভিন্ন মসজিদের ৪৩২ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম রয়েছেন। পাশাপাশি ৫টি মন্দিরের ১০ জন পুরোহিত এবং একটি গির্জার ২ জন যাজককে এই সম্মানী প্রদান করা হবে। বিকেল ৪টার এই মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন অনুদানও প্রদান করবেন।
কিশোরগঞ্জ সফরে আজ দিনভর বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতে সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে শুভেচ্ছা বিনিময় শেষে দুপুর ১২টায় তিনি কটিয়াদীর উদ্দেশ্যে রওনা হবেন।
দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর ১২টা ৫৫ মিনিটে তিনি কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে পৌঁছাবেন এবং বেলা ১টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন।
পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে দুপুর পৌনে ২টায় প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা আড়াইটায় সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করবেন এবং কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর বিকেল সোয়া ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে গিয়ে ৪৫ মিনিট অবস্থান করার পর বিকেল ৪টায় পুরাতন স্টেডিয়ামের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সফর শেষে সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটাই প্রথম কিশোরগঞ্জ সফর। তাঁর এই আগমনকে ঘিরে জেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত এই জেলায় এবার আশানুরূপ উন্নয়ন হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশা করছি।





























