ঢাকা দিবস উপলক্ষে ডিএসসিসির বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উদযাপনের অংশ হিসেবে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শিরোনামে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই আয়োজনের অংশ হিসেবে শুক্রবার সকালে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় ঐতিহাসিক ঢাকা গেট থেকে র্যালিটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। র্যালিতে প্রায় ৩০০ জন নাগরিক অংশগ্রহণ করেন।
র্যালিটি ঢাকা গেট থেকে শুরু হয়ে টিএসসি মোড়, শাহবাগ, বাটা সিগন্যাল, সাইন্সল্যাব, নীলক্ষেত, আজিমপুর, এতিমখানা মোড় এবং ঢাকেশ্বরী মন্দিরের সামনে দিয়ে অগ্রসর হয়। এরপর এটি মাদরাসা শিক্ষা বোর্ড, বকশীবাজার মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার রোড, সেক্রেটারিয়েট রোড ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে দিয়ে বঙ্গবাজার হয়ে নগর ভবনে এসে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেক সাইক্লিস্টকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর এবং ঐতিহ্যের ধারক। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা আমাদের লক্ষ্য, যেখানে প্রতিটি নাগরিক স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। তিনি তরুণদের সাইকেল নিয়ে নির্বিঘ্নে চলাচলের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ডিএসসিসি প্রশাসক তার বক্তব্যে বলেন, চার শতাধিক বছরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে নগরবাসীর আত্মিক বন্ধন দৃঢ় করা সময়ের দাবি। তিনি আরও বলেন, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিতির অভাব নাগরিকদের মধ্যে মমত্ববোধ ও দায়িত্বশীল চেতনা গড়ে উঠতে বাধা দিচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলার মতো নাগরিক সেবার বিভিন্ন ক্ষেত্রে।





























