দুই দিন পর নওগাঁয় স্বাভাবিক হলো বাস চলাচল
- আপডেট সময় : ১০:০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৪২। নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার জেরে টানা দুই দিন বন্ধ থাকার পর জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের কয়েক দফা বৈঠকের পর সোমবার রাত সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর ফলে সোমবার সকাল থেকে আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ার পর রাতেই পুনরায় বাস চলাচল শুরু হয়।
ঘটনার সূত্রপাত হয় গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে। যাত্রী ওঠানো-নামানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক রুবেল হোসেন ও এক বাস সুপারভাইজারকে অতর্কিত মারধর করেন সিএনজি চালকরা।
হামলায় গুরুতর আহত চালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এই হামলার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন পরিবহন শ্রমিকরা। এতে গত দুই দিন সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জানান, বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকেই পরিস্থিতি নিরসনে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চালানো হয়। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের আশ্বাসের প্রেক্ষিতেই শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।



























