তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে অনাগ্রহ ফ্রান্স ও ইংল্যান্ডের
- আপডেট সময় : ১০:৩৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপের সেমিফাইনালে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। আজ মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা, তবে এই ম্যাচ নিয়ে উভয় দলেরই অনাগ্রহ রয়েছে।

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ফ্রান্সের। সেই ক্ষত নিয়েই আজ শনিবার (১৮ জুলাই) মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামতে হচ্ছে ফরাসিদের।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এই লড়াই নিয়ে তার অনাগ্রহের কথা গোপন রাখেননি। তিনি বলেন, 'ইংল্যান্ড এই ম্যাচটি খেলতে চায় না, আর আমরাও চাই না। এটি কোনো প্রীতি ম্যাচ নয়, এটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আমি, খেলোয়াড়রা এবং পুরো স্টাফরা মিলে এই শেষ লক্ষ্যটিতে পৌঁছাতে বাধ্য। অবশ্যই এটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বাস্তবতা হলো আমাদের এখন এখানেই লড়তে হবে।'
একই সাথে দেশম নিশ্চিত করেছেন যে, এই ম্যাচটিই ফ্রান্সের ডাগআউটে তার শেষ দায়িত্ব হতে যাচ্ছে। তিনি বলেন, 'আমার মাথায় এটি স্পষ্ট যে এটাই কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে যেন আমরা তৃতীয় হতে পারি এবং এই শেষ লক্ষ্যটিকে বাস্তবে রূপ দিতে পারি। এই জার্সিটি পরলে আমাদের এই দায়িত্বটুকু পালন করতেই হবে। আমি চাই না কেউ কাঁদুক। শেষটা খুব কাছে, তবে জীবন তো আর থেমে থাকে না।'
এদিকে ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে সেমিফাইনালে হারের পর দলের মানসিক অবস্থার কথা অকপটে স্বীকার করেছেন। তবে বিদায়ী কোচ দেশমকে জয়ের মাধ্যমে বিদায় জানানোর তাড়নাও তাদের মধ্যে কাজ করছে। কোনাতে বলেন, 'আমাদের মধ্যে কেউই এই তৃতীয় স্থানের লড়াইয়ে নামতে চাইনি, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমরা আমাদের কোচকে প্রতিদান দিতে চাই। ফ্রান্স দলের জন্য তিনি অনেক কিছু করেছেন। সেজন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং এই ম্যাচটি জেতার জন্য আমাদের যথাসাধ্য সবকিছু করতে হবে, যেন অন্তত এই ব্রোঞ্জ পদকটি আমরা নিজেদের করে নিতে পারি।'

























