৭২ দিনে সারা দেশে ১ লাখ ১৭ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
- আপডেট সময় : ০৭:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে গত ৭২ দিনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। মোট গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩২ হাজার ৯০৮ জনকে বিশেষ অভিযানের মাধ্যমে এবং ৮৩ হাজার ৮১৭ জনকে সাধারণ অভিযানসহ বিভিন্ন নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে ৭৬টি পিস্তল, ৫০টি বন্দুক, ৩০টি শুটার গান, ৩৩টি এলজি, ১৮টি রিভলবার, ১৫টি পাইপগান, ১২টি এয়ারগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি এবং ১টি পেনগান। এ ছাড়াও ২ হাজার ৩১৩টি গুলি, ৮৮টি ম্যাগাজিন, ৫০৩টি দেশীয় অস্ত্র, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার চকলেট বাজি জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানেও বড় সাফল্য পেয়েছে পুলিশ। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬টি ইয়াবা বড়ি, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ এবং ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা। এ ছাড়া অন্যান্য মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় সারা দেশে মোট ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলায় ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



























