ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে দুই সাংবাদিকের হাতাহাতি
- আপডেট সময় : ০১:৪৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ফ্রান্সের বিপক্ষে আসন্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসেছিলেন মরক্কোর তারকা খেলোয়াড় ব্রাহিম দিয়াজ। তবে নির্ধারিত সূচি অনুযায়ী গণমাধ্যমের মুখোমুখি হওয়ার সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার বক্তব্য সাময়িকভাবে থামিয়ে দিতে হয়। সাংবাদিক জেএস গ্রন্ড-ট্রানের পোস্ট করা একটি ভিডিও থেকে জানা যায়, সংবাদ সম্মেলন চলাকালীন হঠাৎ করেই কক্ষে উচ্চস্বরে বাগবিতণ্ডা শুরু হয়।
ভিডিওর তথ্য অনুযায়ী, দিয়াজ যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখনই পেছনের সারিতে বসা দুই সাংবাদিকের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। হট্টগোলের শব্দে বিভ্রান্ত হয়ে দিয়াজ কথা বলা থামিয়ে দেন এবং ঘটনার দিকে তাকিয়ে থাকেন। এক পর্যায়ে তাদের এই কথার লড়াই হাতাহাতিতে রূপ নেয়। এ সময় উত্তেজনার এক পর্যায়ে এক সাংবাদিককে চিৎকার করে বলতে শোনা যায়, ‘তুমি আমার গায়ে হাত তুললে কেন? তুমি কোনোভাবেই আমাকে মারতে পারো না।’
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আয়োজক কর্মকর্তাদের হস্তক্ষেপে দুই সাংবাদিককে আলাদা করা হয়। হট্টগোল থামার পর দিয়াজকে পুনরায় প্রশ্নের উত্তর দিতে বলা হলে তিনি হাসতে হাসতে বলেন, ‘সত্যি বলতে আমি প্রশ্নটাই ভুলে গিয়েছি।’
সংবাদ সম্মেলনের পরবর্তী অংশে মরক্কোর কোচ মোহম্মদ ওয়াহবি বলেন, ম্যাচের প্রস্তুতি নিয়ে লুকানোর কিছু নেই। তিনি দাবি করেন, দলের খেলার ধরন আগের ম্যাচগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়। ফ্রান্সের খেলার ধরন সম্পর্কেও তাদের পরিষ্কার ধারণা রয়েছে উল্লেখ করে ওয়াহবি বলেন, যারা মাঠে নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে, শেষ পর্যন্ত তারাই জয়ী হবে।

























