৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক-পেশাজীবীদের স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক-পেশাজীবীদের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার রংপুর
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (২৫ আগস্ট ) সোমবার
রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আফজালুল হক ও সদস্য সচিব আবু তাহের মো:খায়রুল বাশারের নেতৃত্বে ১টি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন
আইডিইবি কেন্দ্রীয় কমিটির রংপুর অঞ্চলের যূগ্ম আহবায়ক মো: আব্দুস সাত্তার শাহ, রংপুর আইডিইবির সাবেক সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি শফিউজ্জামান সরকার, উপদেষ্টা কামরুল হুদা, সাধারণ সম্পাদক খশরু সরকার ও যূগ্ম সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম রাজু, সাইফুর রহমান, সারোয়ার সাঈদি, রবিউল ইসলাম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দগণ।
স্মারকলিপিতে উত্থাপিত ৭ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের (সার্ভেয়িংসহ সকল টেকনোলজি) জন্য সংরক্ষণ রাখা।
উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০% এ উন্নীত করা।
যুগোপযোগী করতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন।
পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিগুলোতে ১:১২ অনুপাতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ।
প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন করে গবেষণা ও মানোন্নয়ন নিশ্চিতকরণ।
মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইনগতভাবে নিষিদ্ধ করা।
আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে জনবল কাঠামো প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি।
সংগ্রাম পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, সরকারের গঠনমূলক উদ্যোগের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে।



























