রূপগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার, পরিচয় দিতেন ‘মেজর’ হিসেবে
- আপডেট সময় : ০২:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
রূপগঞ্জে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (৩০ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুর্গাকুল কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মাহমুদুল্লা নবী। তিনি রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার মৃত মাওলানা জালাল উদ্দীনের ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মাহমুদুল্লা নবী দেশের বিভিন্ন এলাকায় নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দিয়ে প্রতারণা এবং নানা অপকর্ম করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি মুর্গাকুল কবরস্থান এলাকায় অবস্থান করছেন। পরে যৌথ বাহিনীর একটি দল রাত ২টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।



























