কার্ভড ডিসপ্লের নতুন ভিভো ভি৮০ লাইট ৫জি স্মার্টফোন বাজারে
- আপডেট সময় : ০৯:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘ভি৮০ লাইট ৫জি’ উন্মোচন করেছে চীনা মোবাইল ব্র্যান্ড ভিভো। তরুণ প্রজন্মের লাইফস্টাইলকে প্রাধান্য দিয়ে ‘স্লে এভরি এজ’ স্লোগানে বাজারে আসা এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির নান্দনিক ডিজাইনের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ডুয়াল-কার্ভড ডিসপ্লে এবং বিশেষ ‘স্কাইলাইন’ ক্যামেরা সেটআপ।
ফোনটিতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর। পাশাপাশি এতে ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম যুক্ত করা হয়েছে। কোম্পানিটির ভাষ্যমতে, উন্নত সিস্টেম অপটিমাইজেশনের ফলে ফোনটি টানা ৫০ মাস বা তার বেশি সময় পর্যন্ত স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম।
ক্যামেরা ফিচারের ক্ষেত্রে এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা, যা কম আলোতে উন্নত মানের ছবি তুলতে কার্যকর। সেলফি ও গ্রুপ ছবির জন্য সামনে যুক্ত করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে ৭০৫০ এমএএইচ সক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় ফোনটি পানি ও ধুলার বিরুদ্ধে বিশেষ সুরক্ষা প্রদান করবে।
সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু—এই দুই রঙে পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্টফোনটি। এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা। ক্রেতাদের জন্য ৯ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধা ঘোষণা করেছে ভিভো।





























