৭৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন রেডমি ১৭ স্মার্টফোন আনল শাওমি
- আপডেট সময় : ০৭:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন ‘রেডমি ১৭’ নিয়ে এসেছে। ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর শক্তিশালী ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে দুই দিনের বেশি সময় ধরে ব্যবহার করা সম্ভব। এছাড়া এতে টার্বো চার্জিং–সুবিধা রয়েছে, যার মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে ফোনটির ৫০ শতাংশ চার্জ সম্পন্ন করা যায়।
শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই স্মার্টফোনটিতে ৬.৯ ইঞ্চির একটি পর্দা ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসরযুক্ত এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় গেম খেলা ও ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও স্বচ্ছ। পর্দার সুরক্ষায় এতে কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে, যা দাগ বা ভাঙন থেকে সুরক্ষা দেয়। এছাড়া আইপি৬৪ প্রযুক্তির কল্যাণে ফোনটি পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত থাকে।
ছবি তোলার জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের দুটি এআই ক্যামেরা যুক্ত করা হয়েছে, যা কম আলোতেও ভালো মানের ছবি তুলতে সক্ষম। সংস্করণভেদে ফোনটিতে ৪ ও ৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে। শক্তিশালী প্রসেসর ও দ্রুতগতির র্যামের সমন্বয়ে এতে অনায়াসেই মাল্টিটাস্কিং করা যায়।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানিয়েছেন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত গ্লাস ও ফাস্ট চার্জিংসহ টেকসই সুবিধার সমন্বয়ে রেডমি ১৭ তৈরি করা হয়েছে। নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কাছে এটি একটি নির্ভরযোগ্য ডিভাইস হিসেবে বিবেচিত হবে। বাজারে আসা ফোনটির দাম সংস্করণভেদে ২২ হাজার ৯৯৯ টাকা এবং ২৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।





























