বুরকিনা ফাসো ম্যাচে নতুনদের পরখ করতে চান স্কালোনি
- আপডেট সময় : ০৮:১৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে আগের একাদশ অপরিবর্তিত রাখার পথে হাঁটছেন না কোচ লিওনেল স্কালোনি। নতুন পথচলায় খেলোয়াড়দের পরখ করে নেওয়ার অংশ হিসেবে রক্ষণ ও মাঝমাঠে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারেন তিনি। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে আফ্রিকার দলটির মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনে সম্ভাব্য একাদশ নিয়ে স্কালোনি স্পষ্ট কোনো ইঙ্গিত না দিলেও বেশ কিছু পজিশনে রদবদল আসতে পারে। বিশেষ করে রক্ষণের বাম দিকে বলিভিয়া ম্যাচে খেলা রোমান ভেগার পরিবর্তে ফাকুন্দো মেদিনাকে খেলানোর জোরালো সম্ভাবনা রয়েছে। তবে তরুণ ডিফেন্ডার ভেগাকেও ভবিষ্যৎ প্রজন্মের অন্যতম প্রধান বিকল্প হিসেবে বিবেচনা করছেন আর্জেন্টাইন কোচ।
মাঝমাঠের বাম পাশেও পরিবর্তনের হাওয়া লাগতে পারে। বলিভিয়ার বিপক্ষে সেখানে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি খেললেও বুরকিনা ফাসোর বিপক্ষে মাতিয়াস সুলে অথবা ভালেন্তিন বার্কোর মধ্যে যেকোনো একজনকে শুরু থেকে দেখা যেতে পারে। এছাড়া বলিভিয়া ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও সহায়তা করে নজর কাড়া তরুণ নিকোলাস পাসের জায়গায় ফ্রাঙ্কো মাস্তানতুওনোকে সুযোগ দিয়ে বাজিয়ে দেখতে পারেন স্কালোনি। যদিও পাসের পারফরম্যান্সে তিনি বেশ মুগ্ধ।
আক্রমণভাগে অবশ্য হুলিয়ান আলভারেস ও লাওতারো মার্তিনেসকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ। তবে বলিভিয়া ম্যাচে চোটের কারণে উঠে যাওয়া মার্তিনেসের ফিটনেসের দিকে বিশেষ নজর রাখা হবে। আর গোলপোস্ট সামলানোর দায়িত্বে যথারীতি থাকবেন এমিলিয়ানো মার্তিনেস। মূলত শুধু বুরকিনা ফাসোর বিপক্ষে জয় নয়, বরং ভবিষ্যতের জন্য প্রতিটি পজিশনে উপযুক্ত বিকল্প তৈরি করাই স্কালোনির মূল লক্ষ্য।




























