নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের মিশন শুরু
- আপডেট সময় : ১০:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে। এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হলো বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে পারলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে টাইগ্রেসরা। ১০ ও ১১ সেপ্টেম্বর সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, দলের মূল লক্ষ্য এবার ফাইনাল খেলা। তিনি বলেন, 'আমরা বেশ কয়েকবার সেমিফাইনাল থেকে বাদ পড়েছি। এবার আমরা সেমির বাধা টপকাতে চাই।' অধিনায়ক আরও যোগ করেন, 'দল হিসেবে আমাদের ব্যাটিং বেশ ভালো হচ্ছে। টপ-অর্ডাররা যদি ভালো করতে পারে, তবে আমাদের ফাইনালে খেলার ভালো সুযোগ থাকবে। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে ভারতকে এড়ানো সম্ভব হবে।'
এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশ একবার শিরোপা জিতেছে। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল টাইগ্রেসরা। এছাড়া ২০১২ ও ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল দলটি। এখন পর্যন্ত ভারত সর্বোচ্চ সাতবার এই শিরোপা জিতেছে, এছাড়া শ্রীলঙ্কা ও বাংলাদেশ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সানজিদা আক্তার মেঘলা।





























