বিএনপির ওপর মানুষের আস্থা অটুট থাকবে: ডা. জাহিদ
- আপডেট সময় : ১২:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বিএনপি শুধু কথার রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফেনীর ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষ সবসময় বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং ভবিষ্যতেও এই আস্থা অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরকে কেন্দ্র করে মাঠের প্রস্তুতি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি সেখানে যান। মন্ত্রী সফর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরকে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজীতে বেশ কয়েকটি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান, কৃষক কার্ড চালুকরণ এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন। একই দিনে প্রধানমন্ত্রী ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়াও সফরকালে তিনি ফুলগাজীর শ্রীপুরে তার মাতুলালয় মজুমদার বাড়িতে গিয়ে পারিবারিক কবরস্থানে জিয়ারত করবেন।
পরিদর্শনকালে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুবউল করিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ এবং সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভুঁইয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























