গালি দেওয়ায় সন্ত্রাসবিরোধী আইনে সিফাতের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা
- আপডেট সময় : ১০:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গাজীপুরের গাছা এলাকা থেকে ২০ বছর বয়সী সিফাত আবদুল্লাহকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আটকের পর তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সিফাতের এই গ্রেপ্তারের বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার বিকেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা।
তাসনিম জারা তাঁর পোস্টে বলেন, সিফাতের ভাষা ভদ্র ছিল না, তবে প্রশ্নটি ভদ্রতার নয়। তাঁর ভাষ্যমতে, সিফাতকে অভদ্রতার জন্য গ্রেপ্তার করা হয়নি, বরং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, গালি দেওয়া কি সন্ত্রাস? যারা এই গ্রেপ্তারের পক্ষে বলছেন, তাদের সমালোচনা করে জারা বলেন, তারাও কমেন্ট বক্সে গালির বন্যা বইয়ে দিচ্ছেন। তার মতে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ, কিন্তু অন্য কাউকে দিলে তা গ্রহণযোগ্য—এমন বৈপরীত্যই বিদ্যমান।
সরকারের উদ্দেশে তাসনিম জারা পরামর্শ দিয়েছেন, পুলিশ যেন একটি তালিকা তৈরি করে দেয় যে কী লিখলে বা বললে রাত সাড়ে আটটায় দরজায় পুলিশ আসবে না। তিনি বলেন, যদি তালিকা দিতে অস্বস্তি হয়, তবে নিজেদের সংযত করা উচিত। সিফাতের অবিলম্বে মুক্তি দাবি করে তিনি সন্ত্রাসবিরোধী আইনের যেসব ধারা কথা বলার বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেগুলো সংশোধনের আহ্বান জানিয়েছেন।
এর আগে সিফাত আবদুল্লাহর ফেসবুক আইডিতে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও দেখা যায়, যেখানে তিনি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ওই ভিডিওতে তিনি দাবি করেন, তাঁর বাসায় আগের মাসে পাঁচ হাজার টাকা এবং চলতি মাসে চার হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে। উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে এবং সিফাতের মুক্তির দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীরা থানায় অবস্থান কর্মসূচিও পালন করেছে।




























