২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
- আপডেট সময় : ১২:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি থেকে। আর এর ওপর ভিত্তি করে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ১০ মার্চ। তবে রমজান ও ঈদের এই চূড়ান্ত সময়সূচি চাঁদ দেখার ওপরই নির্ভর করবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হিজরি বর্ষপঞ্জি মূলত চাঁদের গতিবিধির ওপর নির্ভরশীল। এই কারণে প্রতিবছর রমজান মাস গড়ে ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের রমজান প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, যদি ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দেখা যায়, তবে ওইদিন রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে এবং ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে প্রথম রোজা শুরু হবে। সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। এরপর শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র আল-কোরআন নাজিল শুরু হয়েছিল। রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে সিয়াম বা রোজা পালন করেন। একই সঙ্গে নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
২০২৭ সালের এই পবিত্র মাসটিকে কেন্দ্র করে আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন মুসলিম দেশে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রকাশ করবে। তবে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার এই সম্ভাব্য তারিখগুলো চূড়ান্ত নয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় কর্তৃপক্ষ খালি চোখে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।


























