লন্ডনে মারা গেলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
- আপডেট সময় : ০৮:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট সুমন মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, চিকিৎসার জন্য কয়েকদিন আগেই লন্ডনে গিয়েছিলেন তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হোটেল কক্ষে থাকাকালীন তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের এক পরিচিত নাম। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি দেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন এবং পরবর্তীকালে যুক্তরাজ্যের বিবিসিতে প্রযোজক, উপস্থাপক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম বিষয়ে তার প্রশিক্ষণ রয়েছে। প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল—তিন মাধ্যমেই ছিল তার দীর্ঘ অভিজ্ঞতা। ব্যবসা, অর্থনীতি, রাজনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক নানা বিষয়ে তিনি সাংবাদিকতা করেছেন।
ডিজিটাল বাংলাদেশের বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান। ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়া, ২০০৬ সালে নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যাত্রা শুরুর পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০১৭ সালের এক প্রতিবেদন অনুযায়ী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ইন্টারনেটে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক সংবাদ প্রকাশক হিসেবে স্বীকৃত।



























