চুয়েটে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ ও পূর্ণ কর্মবিরতি
- আপডেট সময় : ০৫:৪৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্যের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর চুয়েট কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জুম প্ল্যাটফর্মে চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে রাত থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আহসানউল্লাহ জানান, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে তারা এই পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন। তবে হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সেবাগুলো চালু থাকবে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষক সমিতির এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনও কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে। ২৫ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনটির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, উপাচার্য পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয়টিতে যে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, তা নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করছেন। একই বিবৃতিতে অফিসার্স অ্যাসোসিয়েশন চুয়েট পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
উল্লেখ্য যে, গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এই প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। সোমবার থেকে লাগাতার বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, ভিসির কার্যালয়ে তালা ঝুলানো, গণস্বাক্ষর ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের একটাই দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।

























