আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে: পুলিশ
- আপডেট সময় : ০৩:৩০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মূলত অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিয়াম (১৯) নামে আরও একজনকে আটক করে তার সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান। তাদের মধ্যে ফাহাদ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনগত কারণে তার সম্পূর্ণ পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সুপার জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সোয়া ৩টার দিকে সাইফুল ইসলাম তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে প্রবেশ করে। অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তুহিনকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করে যে, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই সে অপ্রতিমকে সেখানে নিয়ে গিয়েছিল।
তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ফাহাদ নামের একজনকে হেফাজতে নেয়। পরে ফাহাদের দেওয়া তথ্যে তার বন্ধু কামরুলকেও আটক করা হয়। পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মৃত্যু নিশ্চিত করার পর তুহিন তার মোবাইল ফোনটি নিয়ে ফাহাদ ও কামরুলের সঙ্গে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়।
এর আগে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে ইতোমধ্যে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ এবং দ্রুততম সময়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে, রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গন্ধমতী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বাগমারা-কোটবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।



























