চুয়াডাঙ্গায় পাচারের সময় ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ
- আপডেট সময় : ০৩:২৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাচারের সময় ৪৪০ বস্তা সরকারি টিএসপি সারসহ একটি ট্রাক জব্দ করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার ও ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জব্দকৃত সারগুলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গোডাউন থেকে বরাদ্দ করা হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ এই সরকারি সার ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ঝিনাইদহ ট-১১-১১৪৫ নম্বরের ট্রাকটি থামিয়ে আটকে রাখেন। ওই ট্রাকে থাকা চালানে পণ্যের বিবরণ হিসেবে টিএসপি সার এবং পরিবহনের পরিমাণসহ বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল। তবে চালানের তথ্যের সঙ্গে জব্দকৃত সার, ট্রাকের গন্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের কোনো মিল পাওয়া যায়নি। পরবর্তীতে হাপানিয়া ক্যাম্প পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাক ও সার জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।
জব্দ হওয়া এই সারের মালিক আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলাম। সার আটকের খবর পেয়ে মিনারুল ইসলাম দাবি করেন, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকে করে এই সারগুলো আনা হচ্ছিল। তার ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে না পেরে তিনি নওয়াপাড়া থেকে এগুলো এনে দেওয়ার চেষ্টা করছিলেন বলে জানান।
আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সার পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী মিনারুল ইসলামসহ জব্দকৃত সার এবং ট্রাকচালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে।



























