আশুলিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়া থানা পুলিশ মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামীম মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম মোল্লা মানিকগঞ্জের হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে। বর্তমানে তিনি ঢাকার আশুলিয়ার বগাবাগী এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে শামীম মোল্লা ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নং-৬৫(০৯)২০১৮) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে সাজা পরোয়ানা জারির পর শামীম আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় পলাতক থাকার পর তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শামীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।





























