নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইবি ছাত্রশক্তির পদযাত্রা ও মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপদ ক্যাম্পাসের পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে ডায়না চত্বরে এসে এটি একটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ক্যাম্পাসে বহিরাগতদের অস্ত্রের মহড়া, অরাজকতা এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার তীব্র নিন্দা জানান। তারা স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো ধরনের কর্মকাণ্ড বা অনুপ্রবেশের সুযোগ নেই বলে হুশিয়ারি উচ্চারণ করেন। এ সময় ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘একটা দুইটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ এবং ‘বহিরাগতদের অস্ত্রের মহড়া, এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দেখতে চায় না’-সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ক্যাম্পাসের অরাজক পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্রলীগ কমিটি দিয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, ছাত্র রাজনীতি মানেই সন্ত্রাস বা মব কালচার নয়। তিনি আরও বলেন, ‘২৪-এর জুলাই আন্দোলনে হাজারো শহীদ রক্ত দিয়েছে নিরাপদ দেশ ও ক্যাম্পাস গড়ে তোলার জন্য। আমরা ছাত্রলীগ দেখলেই প্রতিহত করবো এবং প্রশাসনকে দাবি জানাবো যেন তাদের কমিটিতে থাকা সকলের ছাত্রত্ব বাতিল করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।’



























