স্বামী শিলাদিত্যের প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল
- আপডেট সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সমতাভিত্তিক দাম্পত্য জীবন এবং সংসারের দায়িত্ব ভাগাভাগি নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল। ‘দ্য মেল ফেমিনিস্ট পডকাস্ট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। কর্মজীবন ও পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখতে একজন সহযোগী জীবনসঙ্গী থাকা কতটা জরুরি, তা নিয়ে কথা বলতে গিয়ে শ্রেয়া নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে উল্লেখ করেন।
শ্রেয়া জানান, শিলাদিত্য ঘরের নানা কাজ নিজে হাতেই করতে ভালোবাসেন। নিজের বাসন মাজা থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার করার কাজগুলো তিনি নিজেই করেন। এমনকি শ্রেয়া এসব কাজ করতে গেলে উল্টো বিরক্ত হন শিলাদিত্য। দু’জনেরই ব্যস্ত কর্মজীবন হওয়ায় সংসারের দায়িত্ব তারা চমৎকারভাবে ভাগ করে নিয়েছেন। কাজের প্রয়োজনে কেউ সবসময় বাড়িতে থাকবেন, এমন কোনো প্রত্যাশা তাদের কারোরই নেই। আর এই বোঝাপড়ার কারণেই তারা পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রাখতে পারছেন।
নিজেদের সম্পর্কের গভীরতা তুলে ধরে শ্রেয়া আরও বলেন, তারা দু’জনই সারাদিন কঠোর পরিশ্রম করেন এবং ঘরে ফিরে একসঙ্গে কাজ করেন। শিলাদিত্য কখনো তাকে জিজ্ঞেস করেননি, "তুমি বাড়িতে নেই কেন?"। এমনকি কখনো কখনো শ্রেয়াকে কয়েক মাস বাড়ির বাইরেও থাকতে হয়। প্রেমের সম্পর্ক চলাকালীন সময় থেকেই শিলাদিত্য এ বিষয়ে বেশ নিশ্চিন্ত ছিলেন এবং জানতেন যে শ্রেয়া সবসময় তার পাশে থাকবেন।
এই গায়িকার মতে, তাদের সম্পর্কের মধ্যে কোনো অহমিকা বা ইগো নেই, যা তাদের দু’জনকেই একই রকম করে তুলেছে। সময়ের সাথে সাথে তারা দু’জনেই অনেক শান্ত হয়ে গেছেন। তাদের বাবা-মায়েরাও সব বিষয়ে আলোচনা করেন। আর বর্তমানে তাদের সন্তানই তাদের পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।



























