হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা
- আপডেট সময় : ১০:১৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি নতুন ট্রানজিট রুট বা নৌপথ চালুর উদ্যোগ নিয়েছে ইরান। এই রুটটি চালুর বিষয়ে ওমানের সঙ্গে ইতিমধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে তেহরান। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসিন রেজাই জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই নতুন নৌপথের ঘোষণা দেওয়া হবে।
ইরানের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, ১১.৩ কিলোমিটার বা প্রায় ৭ মাইল প্রশস্ত এই অস্থায়ী রুটটির প্রবেশপথ এবং প্রস্থানের কিছু অংশ ইরানের জলসীমার ভেতর দিয়ে যাবে। তবে এই প্রকল্প নিয়ে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অস্পষ্ট রয়েছে। রুটটির সুনির্দিষ্ট স্থানাঙ্ক, কবে থেকে নিরাপদে জাহাজ চলাচল শুরু হবে, টোল বা রাজস্ব আদায় পদ্ধতি এবং নির্দিষ্ট কোনো দেশের নৌযানের ওপর নিষেধাজ্ঞা থাকবে কি না—এসব বিষয় এখনো পরিষ্কার করা হয়নি।
ঘারিবাবাদি আরও স্পষ্ট করেছেন যে, ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালি এখনই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে না। প্রণালিটি সম্পূর্ণ উন্মুক্ত করার জন্য ইরান কিছু শর্ত জুড়ে দিয়েছে। গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া।





























