আইনের ফাঁকফোকরে অপরাধীদের আটকে রাখা কঠিন: আইজিপি
- আপডেট সময় : ০৩:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করলেও আইনের জটিলতায় অপরাধীদের দীর্ঘ সময় আটকে রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশ নিয়মিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের আইনের আওতায় নিয়ে আসছে। কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে তাদের দীর্ঘমেয়াদে আটকে রাখা যাচ্ছে না, ফলে তারা বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
দেশের জনবল সংকটের কথা উল্লেখ করে আলী হোসেন ফকির জানান, প্রায় এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন। তিনি বলেন, পুলিশকে জনবান্ধব ও জনগণমুখী হতে হবে। জনগণের সহযোগিতা না থাকলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হওয়া স্বাভাবিক।
মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যকে অনেক সময় এনার্জি ট্যাবলেট বা আকর্ষণীয় অন্য কোনো নামে তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে। সন্তানদের এ বিষয়ে সচেতন করার দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে। মাদকাসক্ত সন্তানের কারণে পুরো পরিবার কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার উদাহরণ টেনে তিনি বলেন, দায়িত্ব পালনকালে তিনি এমন ঘটনাও দেখেছেন যেখানে মাদকের টাকার জন্য সন্তান নিজের বাবাকেই মারধর করে আহত করেছে।
অনুষ্ঠানে ঢাকা শহরের পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার বাইরে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত করা প্রয়োজন। এছাড়া বিদেশে শিশুদের ছোটবেলা থেকেই যেমন সড়ক ব্যবহারের নিয়ম শেখানো হয়, বাংলাদেশেও শিক্ষার্থীদের ছোটবেলা থেকে এসব বিষয়ে সচেতন করার ওপর জোর দেন তিনি। কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমকে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।



























