বিশ্বমানের সংবাদ সংস্থায় বাসসকে রূপান্তরের অঙ্গীকার নতুন এমডির
- আপডেট সময় : ১২:৫৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী জাতীয় বার্তা সংস্থা বাসসকে বিশ্বমানের সংবাদ সংস্থায় রূপান্তর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। রবিবার (৩০ আগস্ট) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর বাসস কার্যালয়ে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এই লক্ষ্য তুলে ধরেন।
সাংবাদিকতার মূলমন্ত্র হিসেবে সত্যের আরাধনা ও বস্তুনিষ্ঠতার ওপর জোর দিয়ে তিনি বলেন, সাংবাদিকতা মানেই সাদাকে সাদা এবং কালোকে কালো বলা। তিনি উল্লেখ করেন, বাসসের দায়বদ্ধতা কেবল রাষ্ট্র এবং দেশের সাধারণ মানুষের প্রতি। সংস্থাটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি নিজেকে এমডি বা প্রধান সম্পাদক হিসেবে নয়, বরং একজন সহকর্মী হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, মাঠের সংবাদকর্মী হিসেবে সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এখানে ব্যক্তিপূজা বা ক্ষমতার দাপটের কোনো স্থান নেই। বিভিন্ন রঙের ফুল দিয়ে যেমন একটি সুন্দর মালা গাঁথা হয়, তেমনি সবাইকে নিয়ে একটি পেশাদার ও সুবাসিত বাসস পরিবার গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে রবিবার সকাল ১০টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার কাছে তিনি তার যোগদানপত্র জমা দেন। দুপুরে বাসস কার্যালয়ে পৌঁছালে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাসস এমপ্লয়িজ ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ডিইউজের বাসস ইউনিট নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, বাসস একসময় অত্যন্ত প্রভাবশালী ছিল, যেখান থেকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রপ্রধানদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রকাশিত হতো। সেই ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন অভিজ্ঞ সাংবাদিক নেতাকে বাসসের শীর্ষ পদে পাওয়া প্রতিষ্ঠানের জন্য একটি বড় সুযোগ।
বাসসের সিটি এডিটর মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, এবং ডিইউজের বাসস ইউনিট চিফ দিদারুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বাসস পরিবারের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর দুপুর ১২টায় বাসস কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাসসের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা, বাসস এমপ্লয়িজ ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাসস ইউনিট এবং ডিইউজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।



























