রংপুরে চার খুনের ঘটনায় ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা ও ভাই
- আপডেট সময় : ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রংপুর নগরের মাসুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সিদ্ধার্থ দাসের বাবা এবং ভাইকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাদের হেফাজতে নেওয়া হয়।
এর আগে, এই আলোচিত হত্যা মামলায় অভিযুক্ত দুই যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার তৎকালীন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক সংবাদ সম্মেলনে তাদের জবানবন্দির বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
পুলিশ কমিশনার জানান, ঘটনার দিন ভোরে বাড়ির ছাদে হাঁটাহাঁটি করার সময় গণপতি চক্রবর্তী অভিযুক্ত মুগ্ধ ও সিদ্ধার্থকে ইয়াবা সেবন করতে দেখেন এবং তাদের ধমক দেন। ইয়াবা সেবনের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই দুই অভিযুক্ত গণপতি চক্রবর্তীকে হত্যা করেন বলে জবানবন্দিতে উঠে এসেছে। তবে ময়নাতদন্ত, ফরেনসিক রিপোর্ট এবং জবানবন্দি অনুযায়ী, ওই পরিবারের মা ও মেয়ে ধর্ষণের শিকার হননি বলে পুলিশ নিশ্চিত করেছে।
উল্লেখ্য যে, গত শনিবার রাতে রংপুর নগরের কামালকাছনা এলাকার একটি তিনতলা বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে আয়ুশ চক্রবর্তী (১৩)।



























