ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ, এনসিপি’র কর্মসূচি প্রতিহতের ঘোষণা
- আপডেট সময় : ১১:১৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

সংসদে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়া নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাদ্রাসা ছাত্ররা। এ সময় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত একটি রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করার হুঁশিয়ারিও দেওয়া হয়।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মাদ্রাসা ছাত্ররা। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে এমপি হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তারা এই বক্তব্যের জন্য তাকে অনতিবিলম্বে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় এনসিপি’র পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি কোনোভাবেই পালন করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন বক্তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনার তীব্র সমালোচনা করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার দিকে আঙুল তোলেন।



























