সরকারের ছয় মাসে ১২ সূচকে অগ্রগতি, ১৯টিতে অবনতি: সিপিডি
- আপডেট সময় : ০৩:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে দেশের সামষ্টিক অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি অর্জিত হলেও ১৯টি সূচকে অবনতি হয়েছে। সোমবার রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ডায়ালগে এই তথ্য প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, নতুন সরকারের কাছে জনগণের মূল প্রত্যাশা ছিল সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতিকে সচল করা। তবে ছয় মাসের পর্যালোচনায় উভয় ক্ষেত্রেই আশানুরূপ অগ্রগতি দেখা যায়নি, বরং অর্থনীতি ও সুশাসন নিয়ে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় তারল্য সংকট, ব্যাংকিং খাতের দুরবস্থা, অনাদায়ী ঋণ, অর্থপাচার এবং রাজস্ব ঘাটতির মতো ভঙ্গুর অর্থনীতির উত্তরাধিকার পেয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের কার্যক্রমে প্রত্যাশিত গতি নেই।
সুশাসনের বিষয়ে ড. দেবপ্রিয় বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট এবং ‘মব কালচার’ বন্ধের যে প্রত্যাশা ছিল, বাস্তবে তার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি। ‘জিরো টলারেন্স’ ঘোষণা সত্ত্বেও মব সহিংসতা চলমান রয়েছে এবং রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চপদে পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া নারী, শিশু ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কার্যকর প্রতিরোধের ঘাটতি রয়েছে এবং গুম ও মানবাধিকার রক্ষায় প্রণীত আইনে ত্রুটি ও অসম্পূর্ণতা রয়ে গেছে।
সিপিডির এই ফেলো আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যমান সংকটের বিষয়ে কোনো সমন্বিত ও তথ্যভিত্তিক দলিল তৈরি করেনি। তবে সরকারের কিছু উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এমপিদের গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, রামিসা হত্যা মামলার দ্রুত বিচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানো ইতিবাচক পদক্ষেপ। অর্থনীতিকে দ্রুত সচল করতে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত সংস্কার কর্মসূচি গ্রহণের ওপর তিনি জোর দেন।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে সিপিডি আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ডায়ালগে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সিপিডির গবেষণায় সরকারের প্রথম ১৮০ দিনের ৩১টি প্রধান সামষ্টিক অর্থনৈতিক সূচক বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, ১২টি সূচকে উন্নতি হলেও ১৯টিতে অবনতি হয়েছে।




























