সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ১২:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে আছে।
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশনের মাস্টার মনিরুজ্জামান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করেছিল। ট্রেনটি মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ এর একটি বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে ট্রেনের শিকল টেনে গতি রোধ করা সম্ভব হয়েছে, ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বগি লাইনচ্যুত হওয়ার ফলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে কিছু সময় প্রয়োজন হবে বলে তিনি জানিয়েছেন।




























