আগে শিক্ষকদের বদলি, পরে ৯ম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

- আপডেট সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় শিক্ষকদের বদলি ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রথমে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হবে এবং এর পরবর্তী ধাপে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সোমবার বিকেলে আয়োজিত এই সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন। সভায় আরও অংশ নেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা।
সভায় শিক্ষামন্ত্রী এন্ট্রি লেবেলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরুর পরামর্শ দিয়েছেন। এছাড়া, ভুল চাহিদার কারণে সুপারিশ পাওয়া শিক্ষকদের প্রতিস্থাপনের বিষয়েও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন।



























