দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ

- আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করলে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। পুলিশের একটি ঘণিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কারামুক্তির পর বেনজীর আহমেদ গণমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় জানান, আদালতের নির্দেশ মেনেই তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
আদালত তার জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে। এর মধ্যে অন্যতম হলো, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখতে হবে। এছাড়া আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি কোনোভাবেই সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সমন্বয়ে এবং দুবাই পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়েছিল। গত ১২ জুন দুবাই পুলিশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষকে তার গ্রেপ্তারের বিষয়টি চিঠির মাধ্যমে অবহিত করে।
উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগে দুদক একাধিক মামলা দায়ের করেছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে আইনি সহায়তা চাওয়ার ধারাবাহিকতায় তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছিল।



























