মসজিদের ভেতর সোফা বসিয়ে সভা করলেন বিএনপি এমপি
- আপডেট সময় : ১০:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মসজিদের ভেতর সোফা, চেয়ার ও টেবিল বসিয়ে সভা করার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হক। তার সাথে স্থানীয় বিএনপির অন্যান্য নেতারাও অংশ নেন।
মসজিদের পবিত্রতা রক্ষা না করে ভেতরে এমন আয়োজন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন মন্তব্য করছেন।
তবে সভার বিষয়ে আয়োজক ও উপস্থিত নেতাদের দাবি, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। স্থানীয় বিএনপি নেতা এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম জানান, মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষের বকেয়া অর্থ পরিশোধ এবং উন্নয়নের জন্য সহযোগিতার অনুরোধে তারা সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, 'মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষের আমন্ত্রণে আমরা সেখানে যাই এবং গিয়ে মসজিদের ভেতরে সোফা বসানো দেখতে পাই। এটি রাজনৈতিক কর্মসূচি না হওয়ায় আমরা তখন আপত্তি করিনি। সেখানে মসজিদ-মাদরাসার উন্নয়ন ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।'
এ বিষয়ে সংসদ সদস্য মো. আয়নুল হকের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০২





























