সচিবালয় মেট্রোরেল স্টেশনের পাশে ককটেল বিস্ফোরণ
- আপডেট সময় : ০১:১৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। শনিবার রাতে সর্বশেষ ঘটনাটি ঘটেছে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায়। রাত ১১টার দিকে পল্টন এলাকার এই বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন এবং কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, "ঘটনাস্থলে যাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। শব্দ হলেও আলামত পাচ্ছি না।"
এর আগে একই রাতে সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেখানেও কেউ হতাহত হয়নি। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা এই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে মো. বিল্লাল নামের এক রিকশাচালক আহত হয়েছেন।


























