পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদোন্নতি ও বদলি
- আপডেট সময় : ০১:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার মোট ১১ জন কর্মকর্তাকে নতুন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ জন অতিরিক্ত আইজিপি এবং ৫ জন ডিআইজি রয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি ও বদলি হওয়া অতিরিক্ত আইজিপিদের মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সায়েদুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি কামরুল আহসান পদোন্নতি পেয়েছেন। তাদের যথাক্রমে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মাইনুল হাসানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমীনকে পুলিশ অধিদপ্তরে এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার ৫ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মাস র্যাপিড ট্রানজিটের (এমআরটি) ডিআইজি সিদ্দীকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।























