শিক্ষার্থীদের গাছ লাগানো ও জীবজন্তুর প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং সব প্রাণীর প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কোনো প্রাণীকে আঘাত না করে সবার প্রতি মমত্ববোধ দেখাতে হবে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ ভবনে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর পাশাপাশি চারপাশ পরিচ্ছন্ন ও পরিবেশ দূষণমুক্ত রাখার তাগিদ দেন। শৈশব থেকেই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণ করার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র চর্চায় অংশ নিতে তিনি তাদের উৎসাহিত করেন। এর পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্বিরাত চর্চারও পরামর্শ দেন তিনি।
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মনে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে।
এদিন জাতীয় সংসদ ভবনে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩৬ জন ছাত্রী ও আটজন শিক্ষক এবং সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০ জন ছাত্রী ও চারজন শিক্ষক আসেন। এছাড়া তেজগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ৪৬ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক এবং শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ৪৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ ভবনে এসে জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা জানায়, প্রধানমন্ত্রীর এই মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা তাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এবং এই সাক্ষাৎ তাদের জীবনে স্মরণীয় একটি ঘটনা হয়ে থাকবে।
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৩



























