সিলেটে তরুণীকে শিকল বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ০৭:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে (২০) কোমরে শিকল বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাওয়ার অমানবিক ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১১টার দিকে উপশহরের বি-ব্লক মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, বোরকা পরা ওই তরুণীর কোমরে শিকল ও তালাবদ্ধ। সামনে থাকা এক ব্যক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছেন এবং পেছনে ওই তরুণী কাঁদতে কাঁদতে হাত ও কাপড় দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছেন। এ সময় সঙ্গে থাকা কয়েকজন তাঁকে কাঁদতে নিষেধ করে এবং মানুষ যেন তাঁকে চিনতে পারে সেজন্য মুখ খোলা রাখতে বলেন।
ঘটনার সূত্রপাত হয় সোমবার সন্ধ্যা সাতটার দিকে, যখন ওই তরুণীকে মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী ও অন্যরা আটক করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা তিনজন দোকানে প্রবেশ করেন এবং এক পর্যায়ে দোকানের ক্যাশবাক্স টান দেন। তবে তিনি টাকা নিতে পেরেছিলেন কি না, তা স্পষ্ট নয়। পাশের দোকানের কর্মচারী তানভির আহমদ জানান, বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখার পর দোকানের মালিক দৌড়ে গিয়ে ওই তরুণীকে আটক করেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন দোকানের মালিক জাকির হোসেন (৪৩), তাঁর ভাই মোজাক্কির হোসেন (৪০) এবং বোরহান উদ্দিন (৪৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওই তরুণীকে আটকে রেখে নির্যাতন, শ্লীলতাহানি এবং নির্যাতনের ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাসিন্দা এবং আদালতে পাঠানোর পর মুচলেকা দিয়ে তিনি বাড়িতে ফিরে গেছেন।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম জানান, ঘটনার সময় খবর পেয়ে পুলিশ প্রথমে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা বিষয়টি মীমাংসার কথা বলেন, তখন পুলিশ চলে আসে। পরে রাত ১১টার দিকে ব্যবসায়ীদের পুনরায় ফোন পেয়ে পুলিশ গিয়ে ওই তরুণীকে থানায় নিয়ে আসে। তবে চুরির অভিযোগে কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী বলেন, চুরির চেষ্টা করলেও তাঁকে এভাবে শিকল দিয়ে বেঁধে হাঁটিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।





























