নাটোরের লালপুরে পদ্মা নদীতে ড্রেজার থেকে পড়ে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে ভাসমান ড্রেজারে খেলার সময় পানিতে পড়ে ইয়ামিন হোসেন নামে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবীনগর এলাকার পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন হোসেন নবীনগর এলাকার ইমরান হোসেন ও বিউটি আক্তার দম্পতির ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নবীনগর এলাকায় পদ্মা নদীর তীরে রাখা একটি ভাসমান ড্রেজারের ওপর ইয়ামিনসহ কয়েকজন শিশু খেলাধুলা করছিল। অসাবধানতাবশত খেলার একপর্যায়ে ইয়ামিন ড্রেজার থেকে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান।
পরে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


























