পলাশবাড়ীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০
- আপডেট সময় : ০২:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৪
গাইবান্ধার পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পরিবহনের অন্তত ১০ জন যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মাসুদ রানা। তিনি একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের চালক ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আল হামরা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ী হাইওয়ের মাঝিপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মাসুদ রানা প্রাণ হারান। এ দুর্ঘটনায় বাস ও মাইক্রোবাসে থাকা আরও কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরানোর কাজ শুরু করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি।





























