স্থানীয় নির্বাচনে ত্যাগী ও জনপ্রিয়দের মূল্যায়নের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ১১:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫২
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের জন্য দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, দলের দুঃসময়ে যারা মাঠ ছাড়েননি এবং নেতাকর্মীদের পাশে ছিলেন, তাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে। যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের গুরুত্ব দিয়ে আগামী স্থানীয় নির্বাচনে প্রার্থী নির্বাচন করা প্রয়োজন।
মঙ্গলবার বিকেলে বাগেরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, কেবল পদ-পদবি দেখে নয়, বরং জনগণের সঙ্গে যাদের নিবিড় যোগাযোগ রয়েছে এবং দলের কঠিন সময়ে যারা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন, স্থানীয় নির্বাচনে তাদেরই প্রাধান্য দেওয়া উচিত। একই সঙ্গে তিনি দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম মুজিবুর রহমান, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন এবং জেলা ছাত্রদলের সভাপতি আবুর রহমান রাসেল। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




























