সাগর-রুনি হত্যায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাম প্রকাশ অনুচিত
- আপডেট সময় : ০১:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার মতো একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এমন কোনো নাম প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আনুষ্ঠানিক তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার আগে তাকে নিয়ে নিশ্চিতভাবে কথা বলা সমীচীন নয়। চিফ প্রসিকিউটর একজন সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে অনেকের নাম অনুমান করে বলা হচ্ছে। তবে জাহেদ উর রহমান মনে করেন, তদন্তের বর্তমান পর্যায়ে কারো নাম প্রকাশ করা উচিত নয়।
তিনি আরও বলেন, রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তদন্ত করবে এবং সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ বা চার্জ গঠন হলে তখনই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা উচিত। তদন্তে কারো সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেলেই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না।
কোনো ব্যক্তির রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ড নিয়ে মতভেদ থাকতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার শাসনামলে কারো সক্রিয়তা তার কাছে গুরুতর অপরাধ মনে হলেও, সেটিকে সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো একটি ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে প্রমাণের বিষয়টিই চূড়ান্ত বিবেচ্য হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে এই ঘটনার সঙ্গে জড়িত না থাকেন, তবে তার ওপর অন্যায্যভাবে অপরাধ চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই।
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫১





























