প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০২:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ আয়োজন এবং বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময়। সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির ওপর উভয় দেশই বিশেষ গুরুত্বারোপ করেছে।
বৈঠকে আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে যৌথ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
মালয়েশিয়ার হাইকমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চমানের শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং অনন্য আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রতিরক্ষা উপদেষ্টা মালয়েশিয়ার সাথে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে এই বন্ধুত্ব আগামী দিনে আরও সুদৃঢ় হবে।





























