পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে দুই প্রতিমন্ত্রী নিয়োগের ব্যাখ্যা
- আপডেট সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়ে যাওয়ায় দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করে। ওই দিনই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
দুজন প্রতিমন্ত্রী নিয়োগের কারণ ব্যাখ্যা করে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের চাপ অনেক বেশি ছিল। মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। এই কাজের গতি বাড়ানো এবং দাপ্তরিক কার্যক্রম আরও সহজ করার লক্ষ্যেই সরকার দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, ইতিমধ্যে মন্ত্রণালয়ে নতুন নতুন উইং চালু করা হয়েছে এবং অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে বিশেষ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সাধনের জন্য আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে, যা আগে ছিল না।


























