নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন ইমদাদুল হুদা
- আপডেট সময় : ০৬:৪৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ট্রেজারার পদে নতুন নিয়োগ পেয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে প্রাপ্য হবেন এবং বিধি মোতাবেক পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন নতুন ট্রেজারার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তবে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে যে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।





























