কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধ ও শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ও বিকেলে উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে একজন বৈদ্যুতিক তারে জড়িয়ে এবং অপরজন পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান পৃথক এই দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামে। সেখানে বাড়ির পাশের একটি খাল থেকে মাছ ধরার জন্য বিদ্যুৎচালিত সেচ পাম্প দিয়ে পানি সেচার চেষ্টা করছিলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ ইউনুছ আলী। অসাবধানতাবশত তিনি সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইউনুছ আলী মধ্য কাশিপুর গ্রামের বাসিন্দা এবং তিনি তিন ছেলের জনক ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, একই দিন বিকেল ৫টার দিকে উপজেলা সদরের ফুলসাগর আবাসন এলাকায় ঘটে অন্য দুর্ঘটনাটি। সেখানে পুকুরের পানিতে ডুবে জোবায়ের নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। সে ওই আবাসন এলাকার বাসিন্দা আরমান হোসেনের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে ঘরের ভেতর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ফুলসাগর আবাসন এলাকার একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।




























