মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে সরেজমিনে ইউএনও ও পৌর প্রশাসক
- আপডেট সময় : ০৩:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার অনিয়ম, দুর্গন্ধযুক্ত এবং কর্দমাক্ত পানির সমস্যার বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পানির পাইপে ছিদ্রসহ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ত্রুটি চিহ্নিত করেন। এ সময় তিনি পৌর বাসিন্দা এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন। সমস্যার সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে ইউএনও জানান, বিশেষ করে ছিদ্রযুক্ত পাইপ মেরামত, পানির মান নিশ্চিতকরণ এবং নিয়মিত পানি সরবরাহ ব্যবস্থার ওপর তিনি জোর দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওসার, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবির ও সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা পৌরসভায় ৫৩ কোটি টাকার প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানের দাবিও জানিয়েছেন।
পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী বলেন, বিগত বছরগুলোতে কী হয়েছে তা নিয়ে চিন্তা না করে আমরা নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। গ্রাহকদের পানির চাহিদা যেন সঠিকভাবে পূরণ হয়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও জানান, পরিদর্শন করে চিহ্নিত সমস্যাগুলোর জন্য প্রকৌশলীকে প্রয়োজনীয় এস্টিমেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সমাধানের কাজ শুরু হবে।




























