বুধবার থেকে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, বাড়ছে এলএনজি সরবরাহ
- আপডেট সময় : ০৯:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

চলমান গ্যাস সংকটের মধ্যে সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটছে। সরকারি সূত্রে জানা গেছে, আগামী বুধবার থেকে গ্যাস সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।
এর আগে বৈরী আবহাওয়া ও অধিক বেগে বাতাস প্রবাহের কারণে সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওয়ানা দেওয়া একটি এলএনজি বহনকারী জাহাজ গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছিল। এতে টার্মিনাল থেকে দৈনিক গ্যাস সরবরাহ ৩০০ মিলিয়ন ঘনফুট কমে গিয়েছিল। পরবর্তীতে ১৪ আগস্ট নতুন একটি এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছায়। এর ফলে শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা থেকে সামিট টার্মিনালের গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়। বর্তমানে সামিট থেকে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা পর্যায়ক্রমে ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।
অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালের ত্রুটি আংশিক মেরামত করা হয়েছে। বর্তমানে এই টার্মিনাল থেকে দৈনিক গড়ে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে উভয় টার্মিনাল থেকে সম্মিলিতভাবে দৈনিক প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।


























